সোমবার ● ১৬ মার্চ ২০২৬
গৌরনদীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলায় স্বনির্ভর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় তিনি বলেন, গণমাধ্যম যত বেশি স্বাধীন ও দায়িত্বশীল থাকবে, সরকার তত বেশি জবাবদিহিতার মধ্যে থাকবে।
সোমবার (১৬ মার্চ) বেলা ১১টায় গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতাকে সমর্থন করে এবং সেই স্বাধীনতার মাধ্যমেই সরকার জবাবদিহিতার মধ্যে থাকতে চায়। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের বয়স এখনো এক মাস পূর্ণ হয়নি, ভোটারদের ভোটের কালির দাগও এখনো শুকায়নি। এরই মধ্যে সরকার জনগণের কাছে দেওয়া পাঁচটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে।
মন্ত্রী জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে, কৃষক কার্ড বিতরণের প্রস্তুতি চলছে, কৃষিঋণ মওকুফ করা হয়েছে, ইমামদের ভাতা প্রদান শুরু হয়েছে এবং আজকের এই কর্মসূচির মাধ্যমে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হলো।
তিনি বলেন, ঈদের পরপরই মন্ত্রী হিসেবে সরকারের বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত বিবরণ দিতে দেশের সব গণমাধ্যমকে ডেকে জাতিকে অবহিত করা হবে।
অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন, জেলা পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইব্রাহিম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী-আগৈলঝাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ আনসার উদ্দিন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল, বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এমএইচ/এমআর
বাংলাদেশ সময়: ১৫:৩৮:৪০ ● ২৫ বার পঠিত
