রবিবার ● ১৫ মার্চ ২০২৬
রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা আব্দুর রহমান ফরাজী
হোম পেজ » পটুয়াখালী » রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা আব্দুর রহমান ফরাজী

সাগরকন্যা প্রতিবেদক
পটুয়াখালীর রাঙ্গাবালীর রাজনীতিতে দীর্ঘদিন ধরে তৃণমূল নেতাকর্মীদের আস্থার প্রতীক হিসেবে পরিচিত উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী। সাংগঠনিক দক্ষতা, দলের প্রতি নিবেদন এবং প্রতিকূল সময়ে নেতৃত্ব দেওয়ার কারণে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি এখন আলোচনায় রয়েছেন।
দলীয় নেতাকর্মীরা জানান, দলের দুঃসময়ে যারা মাঠে থেকে সংগঠনকে ধরে রেখেছেন, তাদের মধ্যে অন্যতম আব্দুর রহমান ফরাজী। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।
২০০১ সালে রাঙ্গাবালী থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় হন তিনি। ওই বছর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলে তাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। পরে ২০০৯ সালে গঠিত আহ্বায়ক কমিটিতে তিনি যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন এবং একই বছর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। টানা এক যুগ তিনি এ পদে থেকে সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রাখেন।
পরে ২০২১ সালে গঠিত উপজেলা আহ্বায়ক কমিটিতে তাকে আহ্বায়ক করা হয় এবং ২০২২ সালে কাউন্সিলের মাধ্যমে তিনি উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।
রাজনৈতিক জীবনে নানা সময় হামলা-মামলার মুখোমুখি হলেও তিনি মাঠ ছাড়েননি। বিশেষ করে ২০১২, ২০১৪, ২০১৮ ও ২০২৩ সালে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলার সময় তিনি নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার ভূমিকা পালন করেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার গুণে তিনি সবার কাছে গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।
সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় দুই মাস আগে থেকেই তিনি দলীয় প্রার্থীর পক্ষে মাঠে সক্রিয় হন। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দলীয় মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে দিন-রাত কাজ করেন তিনি। তার নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করায় নির্বাচনে কাঙ্ক্ষিত বিজয় আসে বলে দলীয় নেতারা জানান।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে শক্ত অবস্থানের কারণে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আব্দুর রহমান ফরাজীকে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ বিষয়ে আব্দুর রহমান ফরাজী বলেন, দলের জন্য কাজ করাই আমার প্রধান দায়িত্ব। দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করেছি। দল যদি আমাকে কোনো দায়িত্ব দেয়, তাহলে মানুষের কল্যাণে এবং রাঙ্গাবালীর উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।
তিনি আরও বলেন, রাঙ্গাবালীর মানুষ অনেক সম্ভাবনাময় একটি এলাকার বাসিন্দা। সঠিক পরিকল্পনা ও ঐক্যবদ্ধ উদ্যোগ থাকলে এই জনপদকে উন্নয়নের ধারায় এগিয়ে নেওয়া সম্ভব।
বাংলাদেশ সময়: ১৭:৩৩:০৪ ● ৩৫ বার পঠিত
