শনিবার ● ১৪ মার্চ ২০২৬
বাগেরহাটে ঈদ উপলক্ষে নৌপথে কোস্ট গার্ডের তল্লাশি ও নিরাপত্তা জোরদার
হোম পেজ » খুলনা » বাগেরহাটে ঈদ উপলক্ষে নৌপথে কোস্ট গার্ডের তল্লাশি ও নিরাপত্তা জোরদার![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাটে তল্লাশি ও বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।
শনিবার (১৪ মার্চ) দুপুরে বাগেরহাটের মোংলা ফেরিঘাট এলাকায় এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় কোস্ট গার্ড সদস্যরা সন্দেহজনক ব্যক্তি ও নৌযানে তল্লাশি, যাত্রীদের ব্যাগ স্ক্যান, জনসচেতনতামূলক মাইকিং এবং লিফলেট বিতরণ করেন।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এ এস এম ফাহাদুজ্জামান জানান, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, যৌথ ও সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।
তিনি জানান, ঈদকে সামনে রেখে বাগেরহাটের মোংলা ও শরণখোলা, খুলনার রূপসা, কয়রা ও নলিয়ান এবং সাতক্ষীরার কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাটে জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল, তল্লাশি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, দুষ্কৃতিকারীরা যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে সে জন্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন। ঈদকে ঘিরে শুরু হওয়া এ নিরাপত্তা কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে এবং ঈদের পরেও নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম চলমান থাকবে।
এমই/এমআর
বাংলাদেশ সময়: ১৩:৪৭:৩৮ ● ২৪ বার পঠিত
