বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬
বাগেরহাটের সুন্দরবনে অভিযান অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক
হোম পেজ » ভোলা » বাগেরহাটের সুন্দরবনে অভিযান অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণি (৩৮) কে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেখান থেকে ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণিকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে এলাকায় তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।
আটক ওসমান গণি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি দস্যু দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহে সহযোগিতা করে আসছিলেন।
জব্দকৃত আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান বলেন, সুন্দরবনকে ডাকাতমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬:০৬:৩৭ ● ২৩ বার পঠিত
