বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬

কুয়াকাটা সৈকতে জেলে নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটা সৈকতে জেলে নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি
বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬


 

কুয়াকাটা সৈকতে জেলে নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের ঝাউবন এলাকায় একটি ইঞ্জিনচালিত জেলে নৌকায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নৌকাসহ জাল ও ইঞ্জিন পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার (১১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার বিকেলে মাছ শিকার শেষে জেলে কালামসহ অন্যরা নৌকাটি সৈকতে রেখে বাড়িতে চলে যান। তারাবির নামাজ শেষে খবর পেয়ে তারা এসে দেখেন নৌকাটি আগুনে পুড়ে গেছে।

 

নৌকার মালিক মহিবুল মল্লিক জানান, রাত ৯টার দিকে তিনি সমুদ্রে মশারি জাল দিয়ে চিংড়ির রেণু ধরছিলেন। হঠাৎ দূর থেকে নৌকায় আগুন জ্বলতে দেখে তিনি দৌড়ে গিয়ে অন্য জেলেদের সহায়তায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে নৌকা, জাল ও ইঞ্জিন পুড়ে যায়। ঘটনাস্থল থেকে একটি পেট্রোলের খালি বোতল পাওয়া গেছে বলেও জানান তিনি।

 

তিনি আরও জানান, নৌকাটি মাসিক চুক্তিতে কালাম নামে এক জেলেকে ভাড়া দেওয়া ছিল। ওই নৌকায় ইলিশসহ বিভিন্ন সাদা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তিনি। আগুনে নৌকা, জাল ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মহিবুল। রমজানের শেষ সময়ে এমন ক্ষতির ঘটনায় জেলে পরিবারগুলো দুশ্চিন্তায় পড়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সমুদ্র সৈকতে মাছ ধরা নিয়ে জেলেদের মধ্যে মাঝে মাঝে দ্বন্দ্ব বা সংঘর্ষের ঘটনা ঘটে। তবে নৌকা ও জালে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা আগে দেখা যায়নি।

 

কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কারী মো. নজরুল ইসলাম বলেন, মানুষের মধ্যে বিরোধ থাকতে পারে, কিন্তু কারও সম্পদ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া অত্যন্ত নিন্দনীয়। এতে কয়েকটি জেলে পরিবার বড় ক্ষতির মুখে পড়েছে।

 

এদিকে ক্ষতিগ্রস্ত নৌকাটি পরিদর্শন করেছেন স্থানীয় কাউন্সিলর আশরাফ আলী সিকদারসহ বিএনপির নেতারা। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৪৯ ● ৩২ বার পঠিত