বুধবার ● ১১ মার্চ ২০২৬
কুয়াকাটায় মশক নিধন কার্যক্রম শুরু
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় মশক নিধন কার্যক্রম শুরু

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটা পৌরসভা এলাকায় মশার উপদ্রব কমাতে মশক নিধন কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে পৌরসভার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে ওষুধ ছিটানো হচ্ছে।
পৌর প্রশাসক ইয়াসীন সাদেক জানান, শহরের গুরুত্বপূর্ণ সড়ক, খাল, ড্রেন, হাসপাতাল, বাজার, আবাসিক এলাকা ও বিভিন্ন জনসমাগমস্থলে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মশার বংশবিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি নিয়মিতভাবে মশক নিধন কার্যক্রম চালানো হবে।
তিনি আরও জানান, মশার লার্ভা ধ্বংস করতে ৫০ শতাংশ হাইড্রোজেন পার অক্সাইড প্রয়োগ করা হচ্ছে, যাতে ডিম থেকে পূর্ণাঙ্গ মশা উৎপাদন প্রতিরোধ করা যায়। এছাড়া পূর্ণাঙ্গ মশা দমনের জন্য নিয়মিতভাবে ম্যালাথিয়ন স্প্রে করা হবে। যদিও এই স্প্রের কার্যকারিতা শতভাগ নয়, তবুও মশার উপদ্রব নিয়ন্ত্রণে এটি সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
পৌর কর্তৃপক্ষ জানায়, বুধবার থেকে কুয়াকাটা পৌরসভায় লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড- উভয় ধরনের ওষুধ নিয়মিত প্রয়োগ করা হচ্ছে। এর মাধ্যমে মশার বংশবিস্তার ও উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। পৌরবাসীর সুস্থতা নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৩৭:১৩ ● ২৫ বার পঠিত
