শনিবার ● ৭ মার্চ ২০২৬

মহিপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

হোম » পটুয়াখালী » মহিপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
শনিবার ● ৭ মার্চ ২০২৬


 

মহিপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মহিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সুমন হাওলাদার ও তার ভাই মিরাজের বিরুদ্ধে সৌদি প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী জান্নাতী বেগম (২৫) ও তার শাশুড়ি হাসিনা বেগম (৫০)কে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত জান্নাতী বেগমকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শাশুড়ি হাসিনা বেগম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালের শয্যায় কাতরানো জান্নাতী বেগম বলেন, প্রায় তিন থেকে চার বছর ধরে প্রতিবেশী সুমন হাওলাদারের সঙ্গে ১৩ শতাংশ জমি নিয়ে তার শাশুড়ি হাসিনা বেগমের বিরোধ চলছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশঅ বৈঠক হলেও সুমন তা মানেননি। তার স্বামী সৌদি আরবে থাকায় তিনি শাশুড়ির সঙ্গে ওই বাড়িতে বসবাস করেন। শনিবার সুমন ও তার ভাই মিরাজ ওই জমি দখল করতে এলে তিনি ও তার শাশুড়ি বাধা দিলে দুই ভাই তাদের মারধর করেন। চার মাস আগে সিজারের মাধ্যমে তার এক কন্যাসন্তানের জন্ম হয়েছে। এ সময় সুমন তার তলপেটে লাথি মারলে তিনি গুরুতর আহত হন এবং একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন।

হাসিনা বেগম বলেন, তাকে ও তার পুত্রবধূকে মারধরের সময় বাড়ির পাশের হাসান নামে এক ব্যক্তি ঘটনাটি ভিডিও করেন। পরে তারা সেখান থেকে চলে গেলে সুমন ও তার লোকজন হাসানকেও মারধর করেন। এছাড়া বিরোধীয় জমির ওপর রাখা তাদের কাঠ ও টিন সুমন তার লোকজন নিয়ে নিয়ে যান বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুমন হাওলাদার বলেন, জমিটি তার এবং সেটি প্রতিপক্ষ দখল করে রেখেছে। তিনি বাধা দিতে গেলে উল্টো তাকে মারধর করা হয়েছে এবং বর্তমানে তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মহিপুর থানার পরিদর্শক (ওসি) মহব্বত খান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০:০৭:১৪ ● ১২৫ বার পঠিত