শুক্রবার ● ৬ মার্চ ২০২৬

গৌরনদীতে বাস–মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৪

হোম পেজ » লিড নিউজ » গৌরনদীতে বাস–মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৪
শুক্রবার ● ৬ মার্চ ২০২৬


 

গৌরনদীতে বাস–মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৩

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে কুয়াকাটাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কসবা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার কোলচর গ্রামের আজাহার মাঝির ছেলে রিপন মাঝি (৪১) এবং ঢাকার নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোড এলাকার আ. ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৭)। গুরুতর আহত চার যাত্রীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে টেকেরহাট এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-ব-১২-৬৫৫৯) একটি বাস শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদীর কসবা এলাকায় বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-৫৬-০০৯২) সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক রিপন মাঝি নিহত হন।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. ইলিয়াস হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন-ঢাকার মুরাদপুর এলাকার মতিউর রহমানের ছেলে মো. নুরুজ্জামান (৪৬), মাদারীপুরের শিবচর উপজেলার মীর্জাকান্দি গ্রামের জহিরউদ্দিন মোল্লার ছেলে মনিরুজ্জামান (৪১), বাগেরহাটের মোংলা এলাকার আবু জাফরের ছেলে আব্দুল ওয়েজ কোরনী (৩০) এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসনাবাদ এলাকার জয়নাল আবেদীনের ছেলে শফিউল বাশার (৪০)।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, দুর্ঘটনাকবলিত দুটি যান জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১১:১৩ ● ৫৮ বার পঠিত