মঙ্গলবার ● ৩ মার্চ ২০২৬
ইমামদের সম্পৃক্ত করেই বাউফলে মাদক-দুর্নীতি দমন: এমপি মাসুদ
হোম পেজ » পটুয়াখালী » ইমামদের সম্পৃক্ত করেই বাউফলে মাদক-দুর্নীতি দমন: এমপি মাসুদ![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলের সার্বিক সংস্কার ও সামাজিক পুনর্গঠনে ইমাম-খতিবদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, বাউফলকে সত্যিকার অর্থে সংস্কার করতে হলে এর কেন্দ্রবিন্দুতে ইমাম ও খতিবদের রাখতে হবে; সমাজ পরিবর্তনের প্রকৃত শক্তি হলো মসজিদভিত্তিক নৈতিক জাগরণ।
সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বাউফল উপজেলা অডিটোরিয়ামে ইমাম, খতিব, মুয়াজ্জিন ও বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ-সুপারদের নিয়ে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মাসুদ জানান, তার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বাউফলে মাদক ও দুর্নীতি নির্মূলে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। ৬০ দিনের মধ্যে মাদক নির্মূল এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতি দমনের লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি ঢুকে পড়েছে। এসব সমস্যা দূর করতে সময় লাগবে এবং এজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একজন মালী যেমন তার বাগান পরিচর্যায় প্রতিনিয়ত সচেতন থাকেন, তেমনি সমাজকে সুন্দর রাখতে বাউফলবাসীকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সমাজে সচেতনতা তৈরিতে ইমাম-খতিবদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, মসজিদের খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে মানুষের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনা জাগ্রত করা সম্ভব। মাদক নির্মূলে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচিও গ্রহণ করা হবে।
নিজেকে জনগণের সেবক উল্লেখ করে ড. মাসুদ বলেন, আমি এমপি নই, আমি আপনাদের একজন সেবক। প্রকৃত এমপি হচ্ছেন বাউফলের সাড়ে চার লাখ জনগণ। আপনাদের সহযোগিতা ও দোয়া নিয়েই আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া, ওলামা বিভাগ ও মসজিদ মিশনের উপজেলা সভাপতি অধ্যক্ষ কাজী আব্দুল দাইয়ান, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান নজরুল, অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, কালাইয়া রব্বানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এস এম আব্দুল হাই, ধানদী কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ হাবিবুল্লাহ, অধ্যাপক আইউব বিন মুসা ও মোহাম্মদ ফারুক হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার মো. নুরুন্নবী।
সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, মুয়াজ্জিন এবং বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ-সুপারসহ ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। বক্তারা সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, মাদক ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে মসজিদভিত্তিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
কেএলডি/এমআর
বাংলাদেশ সময়: ১৪:২৫:৪০ ● ২২ বার পঠিত
