সোমবার ● ২ মার্চ ২০২৬
বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮ পরিবার পেল ৪৬ লাখ টাকার চেক
হোম পেজ » বরগুনা » বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮ পরিবার পেল ৪৬ লাখ টাকার চেক
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারের মাঝে ৪৬ লাখ টাকার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সোমবার (২ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন। চেকগুলো মঞ্জুর করে বিআরটিএ বরগুনা কার্যালয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) সৌরভ কুমার সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনায় অনেক পরিবার হঠাৎ করেই তাদের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে চরম সংকটে পড়ে। সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা তাদের প্রাথমিক কষ্ট লাঘবে সহায়ক হবে। ভবিষ্যতেও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর আন্তরিকভাবে কাজ করবে। তিনি বলেন, যেসব পরিবার উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে বা পঙ্গুত্ব বরণ করায় উপার্জন করতে পারছে না, তাদের কষ্ট আমরা বুঝি। সরকারের নেওয়া এ উদ্যোগ অত্যন্ত ভালো এবং তা অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্তরা উপকৃত হবেন।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ১৫:৫০:১৮ ● ৪৮ বার পঠিত
