মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬
১৭৬টি সুপারির ট্রাক চার মাস পর ভারতে রফতানি
হোম পেজ » লিড নিউজ » ১৭৬টি সুপারির ট্রাক চার মাস পর ভারতে রফতানি

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)
দীর্ঘ চার মাস বেনাপোল বন্দরে আটকে থাকার পর অবশেষে ১৭৬টি সুপারির ট্রাক ভারতে রফতানি করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের মান পরীক্ষার ছাড়পত্র পাওয়ার পর সোমবার ও মঙ্গলবার এই ট্রাকগুলো ভারতে প্রবেশ করেছে।
বেনাপোল বন্দরের ব্যবসায়ীরা জানান, ভারত থেকে মান পরীক্ষার রিপোর্ট না দেওয়ায় এসব ট্রাক দীর্ঘ চার মাস ভারতে যেতে পারেনি। চলতি বছর ১৫ ফেব্রুয়ারি ভারত গম ও চিনি রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এবং রবিবার সুপারির মান পরীক্ষার ছাড়পত্র দেওয়ায় আটকে থাকা ট্রাকগুলো রফতানি করা সম্ভব হয়েছে। নতুন আসা ট্রাকগুলোও মান পরীক্ষার রিপোর্টসহ ভারতে প্রবেশ করবে।
বাণিজ্য সংশ্লিষ্টরা বলেন, প্রতিবছর ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ১৪ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি এবং দুই বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হয়। রফতানি পণ্যের মধ্যে বড় অংশই সুপারি। বাংলাদেশের সুপারির গুণগত মানের কারণে ভারতে এর ব্যাপক চাহিদা রয়েছে। বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রফতানির বিষয়ে সংশ্লিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি।
তবে ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘ সময়ে রফতানি বন্ধ থাকায় তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিলেন। ১৭৬টি ট্রাকে প্রতিদিন প্রায় ৫ লাখ টাকা অর্থদন্ড গুনতে হয়েছে। নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আশা করা যাচ্ছে অন্যান্য পণ্যের ওপরও নিষেধাজ্ঞা ধীরে ধীরে উঠবে।
বাংলাদেশ সময়: ২৩:৫৪:৪৭ ● ১৭ বার পঠিত
