রবিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৬
বরগুনায় রনজুয়ারা সিপুকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দাবি
হোম পেজ » বরগুনা » বরগুনায় রনজুয়ারা সিপুকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দাবি

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার অবহেলিত উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী, তৃণমূল বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি অ্যাডভোকেট রনজুয়ারা সিপুকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন। তারা জানান, মনোনয়ন পেলে তিনি সংসদে উপকূলীয় অঞ্চলের নারী ও সাধারণ মানুষের কথা তুলে ধরতে পারবেন।
জানা গেছে, বরগুনা সদর উপজেলার লেমুয়া গ্রামের বাসিন্দা রনজুয়ারা সিপু বরগুনা মহাকুমায় রূপান্তরের অন্যতম সংগঠক প্রয়াত মোঃ আনোয়ারুল ইসলামের কন্যা। তিনি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়ে ১৯৯৪ সালে বরিশাল বিএম কলেজে কমিটির সদস্য হন। পরবর্তীতে বরগুনা জেলা বিএনপির সদস্য, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। দলের কাজের কারণে তিনি একাধিকবার রাজনৈতিক হুমকি ও মিথ্যা মামলার শিকার হয়েছেন।
২০১১ সাল থেকে স্থানীয় আওয়ামী লীগের অত্যাচার সামলে বরগুনা ছাড়েননি। ২০২৪ সালের ৫ নভেম্বর অন্তর্বর্তী সরকারের সময় তার দলীয় কর্মদক্ষতা দেখে তাকে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি হিসেবে নিযুক্ত করা হয়। পিপি হিসেবে তিনি নির্যাতিত নারী ও শিশুদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া বরগুনার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে যুক্ত হয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছেন।
পাথরঘাটার তানিয়া আকতার ও তালতলীর রাবেয়া বেগম বলেন, রনজুয়ারা সিপু আমাদের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করেছেন। তাকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দিলে উপকূলীয় মানুষের পাশে থেকে উন্নয়ন ও সেবা দিতে পারবেন। আমরা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এ দাবী জানাই।
বরগুনা জেলা মহিলা বিষয়ক সম্পাদক ও বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি রনজুয়ারা সিপু বলেন, ছাত্রদল থেকে বিএনপির রাজনীতিতে হাতেখড়ি। বিএনপি বিরোধী দলের অত্যাচার, মিথ্যা মামলা সব সহ্য করেছি, কিন্তু দলের প্রতি কখনো নড়িনি। দলের প্রয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কোনো দায়িত্ব দিলে তা মাথা পেতে নেব। ছাত্রদল থেকে যুক্ত হয়ে সাধারণ মানুষের পাশে কাজ করা ধারা এখনও অব্যাহত আছে।
বাংলাদেশ সময়: ১৭:৫১:৩৬ ● ২৫ বার পঠিত
