শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬

তালতলীতে সাড়ে ২২ কেজির কোরাল, বিক্রি মাত্র ১৯ হাজার টাকায়

হোম পেজ » বরগুনা » তালতলীতে সাড়ে ২২ কেজির কোরাল, বিক্রি মাত্র ১৯ হাজার টাকায়
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬


 

তালতলীতে সাড়ে ২২ কেজির কোরাল, বিক্রি মাত্র ১৯ হাজার টাকায়

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরের মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২২ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ। শনিবার (২১ ফেব্রুয়ারি) শেষ বিকেলে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট সংলগ্ন এলাকায় স্থানীয় জেলে মান্নান খানের জালে মাছটি ওঠে। পরে মাছটি ১৯ হাজার ১২৫ টাকায় বিক্রি করা হয়, যা প্রত্যাশিত দামের তুলনায় অর্ধেকেরও কম।

 

জানা গেছে, শুক্রবার রাতে ফকিরহাট সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় জাল ফেলেন মান্নান খান। শনিবার সকালে জাল তুলতে গিয়ে বিশাল আকৃতির কোরাল মাছটি দেখতে পান তিনি। পরে বিক্রির জন্য মাছটি তালতলী বাজারের একটি মৎস্য আড়তে নেওয়া হয়। সেখানে উন্মুক্ত ডাকের মাধ্যমে প্রতি কেজি ৮৫০ টাকা দরে মোট ১৯ হাজার ১২৫ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী মো. বশির মৃধা।

 

মৎস্য ব্যবসায়ীরা জানান, দীর্ঘ সময় জালে আটকে থেকে মরে যাওয়ার পর পানির নিচে থাকায় মাছটির রং কিছুটা সাদাটে হয়ে গেছে, ফলে আশানুরূপ দাম পাওয়া যায়নি। পুরোপুরি সতেজ থাকলে মাছটির বাজারদাম ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারত বলেও জানালেন মৎস্য ব্যবসায়ীরা।

 

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, সরকারি নিষেধাজ্ঞার সময় মাছ শিকার বন্ধ থাকায় নদ-নদীতে মাছের আকার ও সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর সুফল হিসেবে জেলেরা এখন বড় আকারের মাছ ধরতে পারছেন।

বাংলাদেশ সময়: ২৩:৫২:৪৯ ● ৩২ বার পঠিত