শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
ভাষা শহীদদের প্রতি কালকিনিতে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন
হোম পেজ » ঢাকা » ভাষা শহীদদের প্রতি কালকিনিতে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কালকিনি উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ।
রাত ১২টা ১ মিনিটে শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। পরে উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন। কালকিনি থানা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল আলম। কালকিনি উপজেলা বিএনপির পক্ষে সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী ও সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব মুন্সী পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, মুক্তিযোদ্ধা সংসদ, কালকিনি পৌরসভা, পল্লী বিদ্যুৎ সমিতি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত সবাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১৪:২৭:৫৯ ● ২০ বার পঠিত
