শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬

ভোট-পরবর্তী সহিংসতার অভিযোগে বাউফলে বিএনপির সংবাদ সম্মেলন

হোম পেজ » পটুয়াখালী » ভোট-পরবর্তী সহিংসতার অভিযোগে বাউফলে বিএনপির সংবাদ সম্মেলন
শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬


 

ভোট-পরবর্তী সহিংসতার অভিযোগে বাউফলে বিএনপির সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী) 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় পটুয়াখালীর বাউফল উপজেলায় বাড়িঘর ও দলীয় কার্যালয়ে ভাঙচুর, লুটপাট এবং নারীসহ অন্তত ১৫ জন আহত হওয়ার অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দায়ী করে শুক্রবার বিকেলে বাউফল পৌর শহরের হাচন দালাল মার্কেটে অবস্থিত দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।

 

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক তছলিম উদ্দিন তালুকদার বলেন, বৃহস্পতিবার রাতে ভোট গণনায় বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের পরাজয় নিশ্চিত হওয়ার পর উপজেলার বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটে। কালাইয়া এলাকায় উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিনের বাসভবন, দাসপাড়া ইউনিয়নে বিএনপি নেতা আলী আজম চৌধুরীর বাড়ি এবং যুবদল নেতা সাইফুল ইসলাম ফিরোজের বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

 

এ ছাড়া মদনপুরায় বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর, কেশবপুরে কয়েকজন নেতাকর্মীকে মারধর, সিকদারের বাজারে একটি ফার্মেসিতে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাও তুলে ধরা হয়। চন্দ্রদ্বীপ, বগা ও কনকদিয়া ইউনিয়নে বিএনপির কয়েকজন নেতাকর্মী ও এক নারীকে মারধরের অভিযোগও করা হয়।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ, মোহাম্মদ আলী মেম্বার ও ওয়াদুদ হোসেন।

 

অভিযোগ অস্বীকার করে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খালিদ হোসেন বলেন, মারামারি ও সংঘর্ষ বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফল; এসব ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

 

এ বিষয়ে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:২৭:২৮ ● ২০ বার পঠিত