বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬
বরগুনায় আগুনে বসতঘর পুড়ে ছাই
হোম » বরগুনা » বরগুনায় আগুনে বসতঘর পুড়ে ছাই
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
গভীর রাতে আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরের মালিক আবদুল খালেক মিলিটারী। তিনি বরগুনা জেলার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ঝোপখালী গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রাত ৯টার দিকে তার বসতঘরটি আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামাল পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ করে আবদুল খালেক মিলিটারীর বসতঘরে আগুনের সূত্রপাত হয়। এ সময় পাশের জলিলের বসতঘরেও আগুন লেগে আংশিক ক্ষতি হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
বেতাগী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একমাত্র বসতঘর হারিয়ে খালেক মিলিটারীর পরিবার চরম দুর্ভোগে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
আবদুল খালেক মিলিটারী বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বেতাগী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১:৪৪:৩০ ● ১০৭ বার পঠিত
