মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬

ইউটিউব দেখে অনুপ্রাণিত বাউফলে জৈব পদ্ধতিতে বরই চাষে আবু জাফরের সাফল্য

হোম » ফিচার » ইউটিউব দেখে অনুপ্রাণিত বাউফলে জৈব পদ্ধতিতে বরই চাষে আবু জাফরের সাফল্য
মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬


 

বাউফলে জৈব পদ্ধতিতে বরই চাষে আবু জাফরের সাফল্য

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

বাগানের চারদিকে তাকালেই শুধু বরই আর বরই। থোকায় থোকায় ঝুলে থাকা ফলের ভারে গাছগুলো নুয়ে পড়েছে। দূর থেকে দেখলে মনে হয়, গাছের পাতার চেয়েও বরই বেশি। ভোরের আলো ফুটতেই দূরদূরান্ত থেকে ক্রেতারা ছুটে আসছেন বাগানে। স্বাদে-গন্ধে সুমিষ্ট বরই পছন্দ করে কিনে নিচ্ছেন তারা। এমন দৃশ্য এখন পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের জৌতা গ্রামের আবু জাফরের বলসুন্দরী বরই বাগানে।

 

জৌতা গ্রামের বাসিন্দা আবু জাফর স্থানীয় নেছারিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল পাস করেছেন। চাকরির প্রতি আগ্রহ না থাকায় তিনি স্বাবলম্বী হওয়ার পথ বেছে নেন। প্রথমে বাড়ির সামনে একটি মুদি দোকান চালু করলেও আশানুরূপ সাফল্য পাননি। পরে দুই বছর আগে ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে ঝিনাইদহ থেকে অনলাইনে চারা সংগ্রহ করে ৫০ শতক জমিতে বরই চাষ শুরু করেন। প্রাথমিক বিনিয়োগ ছিল প্রায় ১ লাখ ৭২ হাজার টাকা। প্রথম বছরেই তার উদ্যোগ সফল হয়- ওই মৌসুমে প্রায় দুই লাখ টাকার বরই বিক্রি করেন তিনি।

 

সাফল্যের ধারাবাহিকতায় চলতি মৌসুমে কৃষি বিভাগের সহায়তায় চাষের পরিসর বাড়িয়েছেন। বর্তমানে তার বাগানে বলসুন্দরী, ভারতকুল, কাশ্মীরি ও আপেল কুল জাতের প্রায় ৪০০ গাছ রয়েছে। প্রতিটি গাছেই এসেছে বাম্পার ফলন। চলতি মৌসুমে প্রায় পাঁচ লাখ টাকার বরই বিক্রির আশা করছেন তিনি। শ্রমিক ও আনুষঙ্গিক ব্যয়সহ এ মৌসুমে তার মোট খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা।

 

আবু জাফর জানান, তার বাগানে কোনো ধরনের রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয় না। নিজ উদ্যোগে উৎপাদিত জৈব সার ব্যবহার করায় উৎপাদন খরচ যেমন কমেছে, তেমনি বরইয়ের স্বাদ ও মানও বেড়েছে। এ কারণে তার বাগানের বরই স্থানীয়ভাবে বেশ সুনাম কুড়িয়েছে।

 

বাগানে বরই কিনতে আসা এম এ হান্নান বলেন, বাজারের পরিবর্তে তিনি সরাসরি বাগান থেকে ১৩০ টাকা কেজি দরে বরই কিনেছেন। বরই সুস্বাদু হওয়ায় আত্মীয়স্বজনদের কাছেও উপহার হিসেবে পাঠিয়েছেন।

 

আবু জাফরের সাফল্যে অনুপ্রাণিত হয়ে স্থানীয় যুবক মো. সোহরাব হোসেন জানান, তিনি চলতি বছর স্বল্প পরিসরে ৫০টি গাছ দিয়ে বরই চাষ শুরু করেছেন। ফলনও ভালো এসেছে। এলাকার আরও অনেক তরুণ এখন বরই চাষে আগ্রহী হচ্ছেন।

 

বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন জানান, শুরু থেকেই কৃষি বিভাগ এই উদ্যোক্তার পাশে রয়েছে। চারা, কৃষি উপকরণ, প্রশিক্ষণ ও জৈব সার উৎপাদনে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৩৫ ● ৯৮ বার পঠিত