সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬

ভোটের দিন বরগুনার সব কেন্দ্র ধূমপানমুক্ত ঘোষণা

হোম » লিড নিউজ » ভোটের দিন বরগুনার সব কেন্দ্র ধূমপানমুক্ত ঘোষণা
সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬


 

ভোটের দিন বরগুনার সব কেন্দ্র ধূমপানমুক্ত ঘোষণা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনার জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার দুটি সংসদীয় আসনের সব ভোটকেন্দ্র ভোটের দিন ধূমপানমুক্ত রাখার নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন। রবিবার স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসক তাছলিমা আক্তার বরগুনা জেলার ১০৯ বরগুনা-১ ও ১১০ বরগুনা-২ আসনের সর্বসাধারণের অবগতির জন্য এ ঘোষণা দেন। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলার নির্ধারিত সব ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বরগুনা-১ আসনে (বরগুনা সদর, আমতলী ও তালতলী) মোট ভোটার ৫ লাখ ১৯ হাজার ৪৬০ জন এবং ভোটকেন্দ্র ১৯০টি। অপরদিকে বরগুনা-২ আসনে (পাথরঘাটা, বামনা ও বেতাগী) মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন এবং ভোটকেন্দ্র ১২২টি।

 

বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাচানুর রহমান ঝন্টু সাগরকন্যাকে বলেন, জেলা প্রশাসকের এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তবে বাস্তবায়ন নিশ্চিত হলে স্বাস্থ্য ও পরিবেশ-উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের, বিশেষ করে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের এ বিষয়ে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৪:৪২:০৯ ● ১৫৩ বার পঠিত