শুক্রবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৬

হুমকি দিলে গর্জে উঠবে কর্মীরা: আমতলীর জনসভায় চরমোনাই পীর

হোম পেজ » লিড নিউজ » হুমকি দিলে গর্জে উঠবে কর্মীরা: আমতলীর জনসভায় চরমোনাই পীর
শুক্রবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৬


 

হুমকি দিলে গর্জে উঠবে কর্মীরা: আমতলীর জনসভায় চরমোনাই পীর

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বিভিন্ন দল সরকার গঠন করলে ‘সোনার বাংলা’, ‘সবুজ বাংলা’ ও ‘ডিজিটাল বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দেয় উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আমি অত প্রতিশ্রুতি দেব না। আল্লাহ যদি কামিয়াব করেন, আমি ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চাই। দুর্নীতি না থাকলে সবার মুখেই হাসি ফুটবে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় আমতলী পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি সংখ্যালঘুদের নিরাপত্তার প্রসঙ্গ তুলে বলেন, হিন্দু ভাইদের বলব, চরমোনাই হিন্দুদের কাছে খোঁজ নিয়ে দেখুন- মায়ের কোল যেমন নিরাপদ, তারাও তেমনি চরমোনাইতে নিরাপদ। আশা করি আপনারাও নিরাপদে থাকবেন।

তিনি অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর একটি দল সারা দেশে টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে। অন্যদিকে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা সংখ্যালঘুদের জানমাল রক্ষা ও সন্ত্রাস প্রতিহতে কাজ করেছেন।

অন্য দলের প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কেন্দ্র দখলের চেষ্টা থেকে বিরত থাকতে হবে। আমাদের নেতা-কর্মীরা সভ্য, কিন্তু আমাদের উসকানি দেবেন না। দিলে এমনভাবে গর্জে উঠবে, তা প্রতিহত করা যাবে আ- বলেন তিনি।

 

বরগুনা-১ আসনকে ‘মডেল বরগুনা’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে তিনি দলীয় প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর পক্ষে ভোট চান। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য কোনো আসনে জয়ী না হলেও বরগুনা-১ আসনের প্রার্থী ইনশাআল্লাহ জয়ী হবেন।

 

বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আসমত আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, বরগুনা-২ আসনের প্রার্থী মিজানুর রহমান কাসেমী, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কেএম শরিয়ত উল্লাহ, মুফতি হাবিবুর রহমান, আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী, যুগ্ম সম্পাদক মাওলানা মো. রবিউল আলম, সহকারী সম্পাদক মাওলানা রেজাউল করিম আকন, বরগুনা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম ও আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ প্রমুখ।

 

সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন, যারা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে। তিনি মা-বোনদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কেন্দ্র দখলের চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে, কোনো ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:৪৯ ● ৫৩ বার পঠিত