রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬
গোপালগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আচরণ লঙ্ঘনের অভিযোগ
হোম পেজ » ঢাকা » গোপালগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আচরণ লঙ্ঘনের অভিযোগ

সারেকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জ-২ আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এইচ খান মঞ্জুর নির্বাচন পরিচালনা কমিটি।
শনিবার দুপুরে লঞ্চঘাটস্থ বাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির সদস্য মো. জামাল উদ্দিন শেখ লিখিত বক্তব্য পাঠ করেন।
বক্তৃতায় বলা হয়, হরিণ মার্কার স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু একজন বীর মুক্তিযোদ্ধা ও গোপালগঞ্জ জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান। তিনি গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং একটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্কের কারণে নির্বাচনী প্রচারণায় তিনি ব্যাপক গণজোয়ার সৃষ্টি করেছেন।
তবে এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. কে এম বাবর আলী ও তার সমর্থকরা নানা অপপ্রচারে লিপ্ত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। জামাল উদ্দিন শেখ জানান, ডা. বাবর ক্ষমতার প্রভাব খাটিয়ে থানা পাড়ায় সরকারি জায়গা ও খালের ওপর ভবন নির্মাণ করে ক্লিনিক পরিচালনা করছেন এবং খালের ভেতরে ময়লা ফেলে পরিবেশের ক্ষতি করছেন। এছাড়া ওই ক্লিনিকে ভুল চিকিৎসার মাধ্যমে মা ও শিশু মৃত্যুর মতো ঘটনা ঘটেছে এবং সাধারণ মানুষকে মামলা-হামলার ভয় দেখিয়ে এলাকাছাড়া করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, জেলা প্রশাসন স্কুলের সামনে রঙিন বিলবোর্ড, পোস্টার ও ফেস্টুন লাগিয়ে নির্বাচনী বিধি ভঙ্গ করছে, যা শহরের সৌন্দর্য নষ্ট করছে। এছাড়া যৌথ বাহিনীর পূর্ববর্তী অভিযানে ডা. বাবরের বাসা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছিল।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা হুশিয়ারি দিয়ে বলেন, হামলা বা মামলার ভয় দেখিয়ে এম এইচ খান মঞ্জুকে জনগণের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করা যাবে না। তারা আশাবাদ ব্যক্ত করেন, ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে গোপালগঞ্জের মানুষ ব্যালটের মাধ্যমে এসব অপকর্মের উপযুক্ত জবাব দেবে। নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ নিশ্চিত করতে এবং আচরণবিধি রক্ষায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৪১:৪৬ ● ৩৫ বার পঠিত
