সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ের পানির মোটর চুরি, শিক্ষার্থীরা পানির সংকটে

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ের পানির মোটর চুরি, শিক্ষার্থীরা পানির সংকটে
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬


 

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ের পানির মোটর চুরি, শিক্ষার্থীরা পানির সংকটে

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৫৪ নং গ্রামর্দ্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পানির মোটর চুরি করেছে। বিদ্যালয়ের পানির মোটরের ঘরের তালা ভেঙে মোটরটি তুলে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বিদ্যালয় খোলার সময় কর্তৃপক্ষ পানির মোটরটি না দেখে বিষয়টি টের পান। পরে দেখা যায়, সংরক্ষিত কক্ষের তালা ভেঙে মোটরটি চুরি করা হয়েছে। এই ঘটনার কারণে শিক্ষার্থী ও শিক্ষকরা বিশুদ্ধ পানির মারাত্মক সংকটে পড়েছেন।

 

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সালমা জানায়, আজ ক্লাস চলাকালে খাবারের পানির সংকট দেখা দেয়। সমস্যার সমাধান না হলে তাদের সাথে পানি নিয়ে আসতে হবে বলেও তার মন্তব্য ছিল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাওছার হোসেন বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ চুরি করা শুধু আইনগত অপরাধ নয়, এটি কোমলমতি শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও ন্যূনতম সুবিধা থেকে বঞ্চিত করা হলো। পানির অভাবে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

এ বিষয়ে গলাচিপা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক কাওছার হোসেন। পরিদর্শক (তদন্ত) ঝিলন সিকদার জানান, জড়িতদের খোঁজা হচ্ছে। এছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয় অভিভাবকরা দ্রুত চুরি যাওয়া মোটর উদ্ধার এবং দোষীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১:২২:৩৯ ● ৯৬ বার পঠিত