রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬
নাজিরপুরে জেঁকে বসেছে শীত, হেডলাইট জ্বেলে চলছে যানবাহন
হোম » আবহাওয়া » নাজিরপুরে জেঁকে বসেছে শীত, হেডলাইট জ্বেলে চলছে যানবাহন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুরে আগেভাগেই জেঁকে বসেছে শীত। সঙ্গে বইছে ঠান্ডা বাতাস ও দিনের বেলাতেও ঝরছে ঘন কুয়াশা। ফলে সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, আজ রবিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত সূর্যের দেখা মিলছিল না। শীতের কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন, বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, নাজিরপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
রবিবার (০৪ জানুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের প্রকোপ থেকে বাঁচতে পথচারীদের জড়োসড়ো হয়ে চলাচল করতে দেখা গেছে।
নাজিরপুর থেকে পিরোজপুর, বরিশাল, বাগেরহাট ও গোপালগঞ্জ সড়কে চলাচলরত বাস, ট্রাক, প্রাইভেটকার, অটোরিকশাসহ ঢাকাগামী গণপরিবহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। ঘন কুয়াশার কারণে ভোর থেকেই সূর্যের মুখ দেখা যায়নি।
পিরোজপুর থেকে আসা অটোরিকশা চালক জাকির হোসেন বলেন, কুয়াশা আর শীত দুটোই খুব বেশি। কুয়াশার কারণে গাড়ি চালাতে অনেক সমস্যা হয়েছে, ভয়ে ভয়ে আসতে হয়েছে।
ঢাকা থেকে আসা ট্রাকচালক কবির হোসেন জানান, কুয়াশার কারণে সামান্য দূরত্বও ঠিকমতো দেখা যায় না। তাই হেডলাইট জ্বালিয়ে খুব ধীরে গাড়ি চালাতে হচ্ছে।
শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ, শ্রমজীবী ও রাস্তায় কর্মরত ব্যক্তিরা। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেকের জন্য এই শীত আরও কঠিন হয়ে উঠছে।
বাংলাদেশ সময়: ১১:৪৭:৫১ ● ১৩০ বার পঠিত
