রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬

মহিষের লড়াই দেখতে হাজারো মানুষের ভিড়, প্রশাসনের বাধায় পণ্ড

হোম » পটুয়াখালী » মহিষের লড়াই দেখতে হাজারো মানুষের ভিড়, প্রশাসনের বাধায় পণ্ড
রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬


 

মহিষের লড়াই দেখতে হাজারো মানুষের ভিড়, প্রশাসনের বাধায় পণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে মহিষের লড়াই দেখতে রবিবার ভোর থেকেই হাজারো মানুষের ভিড় জমে। বিশাল দেহের দুটি বলি মহিষের লড়াই ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও প্রশাসনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত আয়োজনটি স্থগিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বঘোষিত এই লড়াই উপলক্ষে মহিষের মালিক মজিবর ফকির ও সোহেল মিরা নিজ নিজ মালিকানাধীন দুটি মহিষ প্রস্তুত করেন। এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ লড়াই দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক উৎসুক মানুষ সলিমপুর গ্রামে জড়ো হন। সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও প্রাণিকল্যাণ আইন অনুযায়ী কোনো প্রাণীকে লড়াইয়ের জন্য উত্যক্ত বা প্ররোচনা দেওয়া নিষিদ্ধ থাকায় পরিস্থিতির পরিবর্তন ঘটে।

খবর পেয়ে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছে লড়াই বন্ধ ঘোষণা করেন। এতে লড়াই দেখতে আসা দর্শনার্থীরা হতাশ হয়ে ফিরে যান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক বলেন, প্রাণীর লড়াই প্রাণীর প্রতি নিষ্ঠুরতা হিসেবে গণ্য হয়। এ কারণে আয়োজনটি বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের আয়োজন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:০৭:২৪ ● ১৭৪ বার পঠিত