
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
দৈনিক সমকাল পত্রিকার আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি ও আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক কেএম আজাদ রহমানের ৫৫তম জন্মদিন আজ ২৫ ডিসেম্বর।
কেএম আজাদ রহমান ১৯৯২ সালে একটি সাপ্তাহিক পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। পরবর্তীতে তিনি বরিশালের আঞ্চলিক পত্রিকা দৈনিক দক্ষিণাঞ্চল, আজকের পরিবর্তন, দৈনিক মতবাদ এবং জাতীয় দৈনিক বাংলার বাণীসহ বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করেন। গত ২১ বছর ধরে তিনি দৈনিক সমকাল পত্রিকায় আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ঐতিহ্যবাহী আগৈলঝাড়া প্রেসক্লাবে ২০১৪ সালে ভোটে সাধারণ সম্পাদক এবং ২০১৮ সালে সভাপতি নির্বাচিত হন। এছাড়া আগৈলঝাড়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী ভেগাই হালদার পাবলিক একাডেমি (বিএইচপি)- এর ম্যানেজিং কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। এর মধ্যে রয়েছে- গৌরনদী-আগৈলঝাড়া খলিফা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি, আগৈলঝাড়া প্রবাস বন্ধু ফোরামের সাংগঠনিক সম্পাদক এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাথে সম্পৃক্ত রয়েছেন।
দীর্ঘ প্রায় তিন দশক ধরে তিনি সততা, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। তার তত্ত্বাবধানে ও অনুপ্রেরণায় গড়ে উঠেছেন একাধিক সংবাদকর্মী, যারা বর্তমানে দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত।
১৯৭০ সালের ২৫ ডিসেম্বর বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা সদরের ফুল্লশ্রী গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কেএম আজাদ রহমান। তার পিতার নাম আব্দুল মান্নান খলিফা।
জন্মদিন উপলক্ষে কেএম আজাদ রহমান বলেন, দেশ ও জাতির সেবায় সততা ও পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দায়িত্ব পালন করে যেতে চাই। এ কাজে তিনি সহকর্মী সাংবাদিক ও দেশবাসীর সহযোগিতা কামনা করেন।
এদিকে আজ ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তার জন্মদিন পালন করা হবে।