মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
আধুনিক সভ্যতার অপরিহার্য অঙ্গ গণমাধ্যম: জহির উদ্দিন স্বপন
হোম পেজ » বরিশাল » আধুনিক সভ্যতার অপরিহার্য অঙ্গ গণমাধ্যম: জহির উদ্দিন স্বপন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার সবচেয়ে প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে গণমাধ্যম। যিনি গণমাধ্যমকে সহ্য করতে পারেন না বা স্বাধীনভাবে কাজের সুযোগ দেন না, তিনি জনগণের প্রকৃত প্রতিনিধি নন- তিনি নির্বাচিত হোন বা অনির্বাচিত।
সোমবার রাতে গৌরনদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, জবাবদিহিতার সংস্কৃতি একটি রাষ্ট্র ও সমাজের সবচেয়ে বড় সভ্যতা। সমাজ ও রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। গণমাধ্যম ছাড়া কোনো সভ্য সমাজ টিকে থাকতে পারে না।
গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন প্যানেল আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়া ও খোন্দকার মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থীর লিগ্যাল টিমের প্রধান ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল ফিরোজ রিন্টু, প্রচার বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন এবং সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
একই দিন বিকেলে গৌরনদী সরকারি কলেজ মসজিদ প্রাঙ্গণে গৌরনদী-আগৈলঝাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। সভায় দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬:৩০:১৪ ● ১১০ বার পঠিত
