বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫
বরগুনায় গভীর রাতে শহীদ ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
হোম পেজ » লিড নিউজ » বরগুনায় গভীর রাতে শহীদ ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক সোয়া ১টার দিকে বরগুনা সার্কিট হাউস ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ সংলগ্ন ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।
জানা যায়, গভীর রাতে বরগুনার সার্কিট হাউস ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ সংলগ্ন নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নিচের অংশে একদল দুর্বৃত্ত আগুন ধরিয়ে দেয়। এমন একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ওই ১১ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায়, ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভের বেদীতে তেলজাতীয় কিছু ছিটিয়ে অগ্নিসংযোগ ঘটায় দুর্বৃত্তরা। আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই তারা স্থান ত্যাগ করে। ভিডিওতে শোনা যায়, এখন চল, চল।
ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাই। পুলিশের তৎপরতার কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের টিম সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
এ ছাড়া বরগুনা-বাকেরগঞ্জ সড়কের চান্দখালী নামক স্থানে বুধবার রাতে দুর্বৃত্তরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ।
বৃহস্পতিবার সকাল থেকে বিএনপি-জামায়াত বরগুনা সদর রোডে পৃথক পৃথক সভা করছে। মাঠে কর্মসূচী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতাকর্মীদের দেখা যায়নি।
বাংলাদেশ সময়: ১১:৫৭:৫০ ● ২০৯ বার পঠিত
