বাপ-ছেলের ফেসবুকে স্ট্যাটাস! জামায়াত প্রার্থীর ছেলে ভোট চাইলেন ধানের শীষে

হোম পেজ » রাজনীতি » বাপ-ছেলের ফেসবুকে স্ট্যাটাস! জামায়াত প্রার্থীর ছেলে ভোট চাইলেন ধানের শীষে
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫


আরাফাত বিল্লাহ খান

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাফেজ কামরুল ইসলামের ছেলে আরাফাত বিল্লাহ খান ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বিএনপির জনসভায় ধানের শীষের ভোট চান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য এম. জহিরউদ্দিন স্বপন ৬ নভেম্বর থেকে গণসংযোগ, জনসভা ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি শুরু করেন। অপরদিকে জামায়াত প্রার্থী হাফেজ কামরুল ইসলামও এলাকায় দীর্ঘদিন ধরে উঠান বৈঠক ও সভা-সমাবেশ করে আসছেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর বিকেলে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান। তিনি বলেন, অদক্ষ পাইলট দিয়ে যদি প্লেন চালানো হয়, তাহলে যাত্রী নিরাপদ থাকে না। তাই দক্ষ নেতা জহিরউদ্দিন স্বপন ভাইকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করুন।

আরাফাত বিল্লাহ খান বিএনপির কেন্দ্রীয় যুবদলের সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক। তিনি জামায়াত প্রার্থী হাফেজ কামরুল ইসলামের বড় ছেলে।

এরপর জামায়াত প্রার্থী কামরুল ইসলাম তার ফেসবুক আইডিতে লেখেন, তিনি তার বড় ছেলে আরাফাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, কারণ সে জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে।

অন্যদিকে ছেলে আরাফাত বিল্লাহ খান তার ফেসবুকে আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি তার বাবা-মায়ের সঙ্গে অতীত রাজনৈতিক জীবনের স্মৃতি তুলে ধরেন এবং লেখেন, বাবারা সব সময় সন্তানের আশ্রয় হয়ে থাকেন।

জামায়াত প্রার্থী মাওলানা হাফেজ কামরুল ইসলাম জানান, তার ছেলে বহু বছর ধরে ঢাকায় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকের রাজনীতি করার অধিকার আছে। আমার ছেলে বিএনপির রাজনীতিতে সক্রিয়, কিন্তু তাকে ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণার খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বাংলাদেশ সময়: ১৪:৫০:০২ ● ৩৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ