
সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক
মানবতার সেবায় নিবেদিত কবি ও সংগঠক মুহাম্মদ আবু তাহেরের জন্মোৎসব অনুষ্ঠিত হয়েছে বর্ণিল আয়োজনে। রবিবার রাজধানীর বনশ্রীর ভূতের বাড়ি রেস্টুরেন্টে এই আয়োজন করে আপনজন মানবিক ফাউন্ডেশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি ও সংগঠক তাহেরা খাতুন। সঞ্চালনায় ছিলেন কবি রলি আক্তার। প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।
প্রধান আলোচক ছিলেন কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ এবং বিশেষ আলোচক ছিলেন কবি ও ছড়াকার আতিক হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক মো. বেল্লাল হাওলাদার, কবি ও সংগঠক খান আকতার হোসেন, কবি আবুল কালাম আজাদ, এইচ এম শাহরিয়ার কবির, গীতিকার ও কণ্ঠশিল্পী সারোয়ার মাহিন এবং কবি মো. সোলায়মানসহ অনেকে। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবু সায়েম লিটন।
অতিথিরা বলেন, মুহাম্মদ আবু তাহের সাহিত্য ও মানবতার সেবায় নিজেকে যেভাবে নিবেদন করেছেন, তা সাহিত্য সমাজে দৃষ্টান্ত হয়ে আছে। তিনি সমাজের অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে বর্ণের মাধ্যমে প্রতিবাদ করেছেন, কথা বলেছেন মানুষের পক্ষে। তাঁর সাদামাটা জীবনযাপন ও মানবিক কাজ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা।
জন্মদিনে কবি মুহাম্মদ আবু তাহেরকে ফুল, উপহার, কবিতা, গান ও শুভেচ্ছায় ভরিয়ে দেন বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা।
অনুভূতি প্রকাশ করে কবি আবু তাহের বলেন, আমার জন্মদিন পালনের মূল উদ্যোগ নিয়েছেন এমন একজন, যিনি বাংলাদেশের বাইরে থেকেও আমাকে ভালোবেসে এই আয়োজন সম্ভব করেছেন। আমি তাঁর প্রতি গভীর কৃতজ্ঞ। এতো গুণীজনের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।