শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫
প্লাস্টিক ব্যবহার ও সামুদ্রিক আবর্জনা প্রতিরোধ বিষয়ে সভা কুয়াকাটায়
হোম পেজ » কুয়াকাটা » প্লাস্টিক ব্যবহার ও সামুদ্রিক আবর্জনা প্রতিরোধ বিষয়ে সভা কুয়াকাটায়
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস ২০২৫ উপলক্ষে প্লাস্টিক ব্যবহার ও সামুদ্রিক আবর্জনা প্রতিরোধে টেকসই পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে কুয়াকাটা খান প্যালেস হল রুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম।
বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি। সামুদ্রিক জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও পর্যটন শিল্প হুমকির মুখে পড়ছে। টেকসই প্লাস্টিক ব্যবহার, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) কুয়াকাটার আহ্বায়ক কেএম বাচ্চু কুয়াকাটার পরিবেশ ধ্বংসকারী নানা সমস্যা তুলে ধরে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী বলেন, পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণ ও পর্যটকদের সচেতন করতে হবে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। ধাপে ধাপে বর্জ্য ব্যবস্থাপনাকে সুসংগঠিত করতে হবে।
আলোচনা শেষে কুয়াকাটা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়। এতে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। তারা সৈকত এলাকা থেকে প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা অপসারণ করে পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি পর্যটক ও স্থানীয়দের দায়িত্বশীল আচরণের জন্য প্রচারাভিযানও চালানো হয়।
বিশ্ব পরিচ্ছন্নতা দিবসের এ আয়োজনকে কুয়াকাটায় পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭:৪৪:২৩ ● ২১০ বার পঠিত
