বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬

কয়রায় ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচি শুরু

হোম » খুলনা » কয়রায় ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচি শুরু
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬


 

কয়রায় ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচি শুরু

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বানে খুলনার কয়রায় শুরু হয়েছে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচি-২০২৬। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল-বাকী। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, অধিকার প্রতিষ্ঠা এবং ভুক্তভোগীদের সুরক্ষার দাবিতে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ বিশ্বাস এবং কর্মসূচির বাস্তবায়নকারী সংস্থা ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর পরিচালক মেরিনা পারভিন যুথি। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নারী নেত্রী ও স্থানীয় প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।

 

আয়োজকরা জানান, ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই এবং দায়মুক্তির অবসান ঘটাই’ প্রতিপাদ্য নিয়ে এবারের কর্মসূচি পালন করা হচ্ছে। মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) সহযোগিতায় এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার (জিএসি) অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়ন করছে আইআরভি।

 

১৬ দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের সুরক্ষা এবং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৫৬:৫৯