বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
বরগুনা কালেক্টরেট স্কুলে শিক্ষা উৎসব, নৈতিক শিক্ষায় গুরুত্ব দিলেন ডিসি
হোম » শিক্ষা » বরগুনা কালেক্টরেট স্কুলে শিক্ষা উৎসব, নৈতিক শিক্ষায় গুরুত্ব দিলেন ডিসি
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।
তিনি বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য শুধু পরীক্ষার ভালো ফল নয়, বরং সততা, শৃঙ্খলা, মানবিকতা ও দায়িত্ববোধের মধ্য দিয়ে প্রকাশ পায়। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের নিয়মিত খোঁজখবর নেওয়া ও সময় দেওয়া জরুরি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত ‘বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠানটির সভাপতি ও জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, শিক্ষার্থীদের জন্য আনন্দদায়ক, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রযুক্তিনির্ভর শিক্ষা, মাল্টিমিডিয়া ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের যথাযথ ব্যবহার এবং নিয়মিত মূল্যায়নের মাধ্যমে পাঠদান আরও কার্যকর করতে হবে। শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিমেষ বিশ্বাস। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ সজল চন্দ্র শীল। এ ছাড়া জেলা মৎস্য কর্মকর্তা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় স্মার্ট পাঠশালার মাধ্যমে একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, আধুনিক শিক্ষা উপকরণের ব্যবহার এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি তুলে ধরা হয় এবং শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বাংলাদেশ সময়: ১৮:৪৮:০৮
