বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬

আমতলী থানার ওসি টানা তৃতীয়বার শ্রেষ্ঠ নির্বাচিত

হোম » বরগুনা » আমতলী থানার ওসি টানা তৃতীয়বার শ্রেষ্ঠ নির্বাচিত
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬


আমতলী থানার ওসি টানা তৃতীয়বার শ্রেষ্ঠ নির্বাচিতসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা জেলা পুলিশের কর্মদক্ষতা মূল্যায়নে আবারও সাফল্য অর্জন করেছে আমতলী থানা। অক্টোবর মাসের কর্মদক্ষতা মূল্যায়নে টানা তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন। একই সঙ্গে টানা চতুর্থবার জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন ওই থানার সঞ্জয় কুমার দত্ত।

 

বুধবার (২৫ নভেম্বর) বরগুনার পুলিশ সুপার অক্টোবর মাসের সামগ্রিক কর্মদক্ষতা, মামলা তদন্ত, আইনশৃঙ্খলা রক্ষা ও পেশাগত পারফরম্যান্স বিবেচনায় তাঁদের হাতে সম্মাননা তুলে দেন।

 

এবার আমতলী থানার আরও চার পুলিশ সদস্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তাঁরা হলেন শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা এসআই আল মামুন হাওলাদার, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান এবং যৌথভাবে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা এএসআই মো. আসাদুল হক ও এএসআই মো. জসিম উদ্দিন সিকদার।

 

টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এটি শুধু আমার একার অর্জন নয়, আমতলী থানার প্রতিটি সদস্যের সম্মিলিত পরিশ্রম, আন্তরিকতা ও পেশাদারিত্বের ফল। পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং সহকর্মীদের সহযোগিতায় আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। এই অর্জন আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে। আমতলীর মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।’

 

পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের প্রতিটি সদস্যের কাজের মূল্যায়ন করা হয়। যারা পেশাদারিত্ব, সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তাঁদের স্বীকৃতি দেওয়া হচ্ছে। আমতলী থানার কর্মকর্তাদের এই ধারাবাহিক সাফল্য প্রশংসনীয়। আমরা চাই, প্রতিটি থানায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও অপরাধ দমন, দ্রুত মামলা তদন্ত এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এমন কর্মতৎপরতা অব্যাহত থাকুক।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৩৭