বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
হোম » জেলে-মৎস্য » শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
![]()
সাগরকন্যা প্রতিবেদক, শার্শা (যশোর)
যশোরের শার্শায় দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার সাড়াতলা ও পাকশিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে উপজেলা মৎস্য অফিস সার্বিক সহযোগিতা করে।
শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা জানান, চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির ছোট-বড় বিভিন্ন মাছ নির্বিচারে ধরা পড়ে। এতে জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষা এবং জলজ সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, অভিযানে জব্দ করা ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অনুযায়ী জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ ধরনের অবৈধ জাল বা মাছ ধরার ফাঁদ ব্যবহার করা হলে প্রশাসনকে জানানোর জন্য সর্বসাধারণের সহযোগিতা চেয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮:৩০:২৯
