বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
গৌরনদীতে ২০ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ
হোম » বরিশাল » গৌরনদীতে ২০ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার তিখাসার গ্রামে প্রায় ২০টি পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে নাসরিন বেগম নামে এক নারীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তিখাসার মৌজার এসএ খতিয়ান নম্বর ১৯৯ এবং এসএ দাগ নম্বর ৯৪৮, ৯৪৯, ৯৫০ ও ৯৫৬-এর মধ্যে ৯৫৬ নম্বর দাগের তিন শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে। এ বিরোধে তিখাসার গ্রামের রাজে আলী চৌকিদারের ছেলে মো. আনোয়ার হোসেন এবং মো. কামাল হোসেনের স্ত্রী নাসরিন বেগম পক্ষভুক্ত রয়েছেন।
অভিযোগে বলা হয়, বিরোধপূর্ণ জমিতে দ্বিতীয় পক্ষ অনধিকার প্রবেশ করে ঘর নির্মাণের প্রস্তুতি নিলে খবর পেয়ে নাসরিন বেগম সেখানে উপস্থিত হয়ে বাধা দেন। এ সময় দ্বিতীয় পক্ষ চলে যায় এবং তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন নাসরিন বেগম। তবে যে জমিতে দেয়াল নির্মাণ করা হয়েছে, সেটি নিজের জমি বলে দাবি করছেন তিনি।
স্থানীয় বাসিন্দা মো. টুটুল পাইক, কোহিনুর বেগম, মো. আনোয়ার পাইক ও মো. সবুজ সরদার অভিযোগ করে বলেন, নাসরিন বেগম ও তাঁর স্বামী কামাল হোসেন দীর্ঘদিন ধরে আশপাশের লোকজনের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়ছেন। কেউ প্রতিবাদ করলে বা সঠিক কথা বলতে গেলে মারধরের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তাঁদের। তাঁদের দাবি, কামাল হোসেনের ছেলে তানভির ও মেয়ে তানহাকেও এসব ঝগড়ায় জড়িয়ে পড়তে উৎসাহিত করা হয়।
এ ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮:১১:০৪
