বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬

নলছিটিতে খোলা আকাশের নিচে পুত্রসন্তান প্রসব, হাসপাতালে মানসিক ভারসাম্যহীন নারী

হোম » ঝালকাঠি » নলছিটিতে খোলা আকাশের নিচে পুত্রসন্তান প্রসব, হাসপাতালে মানসিক ভারসাম্যহীন নারী
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬


 

নলছিটিতে খোলা আকাশের নিচে সন্তান প্রসব, হাসপাতালে মানসিক ভারসাম্যহীন নারী

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

ঝালকাঠির নলছিটিতে খোলা আকাশের নিচে পুত্র সন্তান প্রসব করেছেন মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত নারী। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। নবজাতককে সাময়িকভাবে স্থানীয় এক বাসিন্দার জিম্মায় রাখা হয়েছে।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় বাসিন্দা ইমন হাওলাদার জানান, কয়েক দিন ধরে ওই নারী জুরকাঠি এলাকায় অবস্থান করছিলেন। মঙ্গলবার শেষ বিকেলে সবার অগোচরে তিনি খোলা আকাশের নিচে কারও সহায়তা ছাড়াই পুত্র সন্তান প্রসব করেন। বিষয়টি নজরে আসার পর তাঁরা উপজেলা প্রশাসনকে জানান।

 

খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ ও নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নবজাতককে সাময়িকভাবে স্থানীয় বাসিন্দা মো. নুরুল আমিনের জিম্মায় রাখা হয়েছে।

 

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডু জানান, ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিবারের সন্ধান করা হচ্ছে। পরিবার পাওয়া গেলে মা ও সন্তানকে তাদের কাছে হস্তান্তর করা হবে। পরিবারকে খুঁজে না পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে আগৈলঝাড়ায় সমাজসেবা অধিদপ্তরের শিশু কেন্দ্রে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৭:০৪:৪৯