মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল শিশু আবিরের
হোম » পিরোজপুর » নানাবাড়িতে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল শিশু আবিরের
![]()
সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)
পিরোজপুরের জিয়ানগরে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসে অটোরিকশার চাপায় আবির (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রী ও চালকসহ তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বালিপাড়া-জিয়ানগর সড়কের মোল্লাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবির জিয়ানগর সদর ইউনিয়নের সেউতিবাড়িয়া গ্রামের রাজিবের ছেলে। আহতরা হলেন মরিয়ম (৩), নহা (১১) ও অটোরিকশাচালক মামুন শেখ (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মায়ের সঙ্গে দক্ষিণ ইন্দুরকানী গ্রামে নানা মোয়াজ্জেম মোল্লার বাড়িতে বেড়াতে আসে আবির। মঙ্গলবার দুপুরে নানাবাড়ির সামনে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল সে। খেলার একপর্যায়ে হঠাৎ সড়কে দৌড়ে উঠলে বালিপাড়া থেকে জিয়ানগরগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে গেলে এর যাত্রীরাও আহত হন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবিরকে উদ্ধার করে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশাচালককে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮:৪৭:৩০
