মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬

স্বামীহারা সীমা চক্রবর্তীর পাশে দাঁড়ালেন বরগুনার জেলা প্রশাসক

হোম » বরগুনা » স্বামীহারা সীমা চক্রবর্তীর পাশে দাঁড়ালেন বরগুনার জেলা প্রশাসক
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬


 

স্বামীহারা সীমা চক্রবর্তীর পাশে দাঁড়ালেন বরগুনার জেলা প্রশাসক

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

স্বামীকে হারিয়ে তিন সন্তান নিয়ে আর্থিক সংকটে পড়া বিধবা সীমা চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। মানবিক সহায়তা হিসেবে তাঁর হাতে নগদ অর্থ, শুকনা খাবার ও শীত নিবারণের জন্য চারটি কম্বল তুলে দিয়েছেন তিনি।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সীমা চক্রবর্তীর হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

 

সীমা চক্রবর্তী বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী গ্রামের বাসিন্দা। সম্প্রতি স্বামীকে হারিয়ে তিন সন্তান নিয়ে চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে পড়েন তিনি। স্বামী হারানোর শোকের পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ ও দৈনন্দিন জীবনযাপনের চিন্তায় দিশাহারা হয়ে পড়েন এই নারী। তাঁর অসহায়ত্বের খবর জেলা প্রশাসকের নজরে এলে তাৎক্ষণিকভাবে সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

 

সহায়তা পেয়ে সীমা রানী বলেন, স্বামীকে হারানোর পর তিন সন্তান নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছেন তিনি। সন্তানদের নিয়ে কীভাবে সামনে এগোবেন, তা নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকেন। জেলা প্রশাসক তাঁর কষ্টের কথা শুনে যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাতে তিনি সাহস পেয়েছেন। এই সহযোগিতা তাঁর ও সন্তানদের জন্য অনেক বড় পাওয়া। এ জন্য জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

 

বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাচান ঝন্টু বলেন, জীবনের কঠিন বাস্তবতায় স্বামীকে হারিয়ে একজন নারী যখন আর্থিক ও সামাজিক অনিশ্চয়তার মুখোমুখি হন, তখন সামান্য সহযোগিতাও তাঁর কাছে বড় আশ্রয় হয়ে উঠতে পারে। এই সহায়তা হয়তো তাঁর সব সংকট দূর করবে না, তবে দুঃসময়ে তিনি একা নন, প্রশাসন তাঁর পাশে রয়েছে, সেই বার্তা দেবে।

 

জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, একজন মানুষ বিপদে পড়লে তাঁর পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বিশেষ করে স্বামীহারা একজন মা যখন তিন সন্তান নিয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যান, তখন তাঁর কষ্ট উপলব্ধি করা জরুরি। অসহায়ত্বের কারণে কোনো শিশু যেন স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রশাসন সচেষ্ট। সীমা চক্রবর্তী ও তাঁর সন্তানদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অব্যাহত থাকবে। জেলার যেকোনো প্রান্তে অসহায় মানুষের দুর্দশার খবর পেলে প্রশাসন সাধ্যমতো সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াবে।

বাংলাদেশ সময়: ১৮:৩৭:৩৯