মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
মনপুরায় টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ, ডিলার পরিবর্তনের দাবি
হোম » ভোলা » মনপুরায় টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ, ডিলার পরিবর্তনের দাবি
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)
ভোলার মনপুরায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা। এ সময় অন্য ইউনিয়নের বাসিন্দাকে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের টিসিবি ডিলার নিয়োগ দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয় বাসিন্দাকে ডিলার নিয়োগের দাবি জানান তাঁরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত সোমবার (২৩ নভেম্বর) দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের প্রায় ৬০০ উপকারভোগীর মধ্যে টিসিবির পণ্য বিতরণের কথা ছিল। কিন্তু গোপনে মাত্র ৩০ থেকে ৪০ জনকে পণ্য দিয়ে বাকি মালামাল সরিয়ে নেওয়া হয়। এতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক নারীসহ প্রকৃত কার্ডধারী পণ্য না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যান।
তাঁরা আরও অভিযোগ করেন, অন্য ইউনিয়নের বাসিন্দাকে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের টিসিবি ডিলার নিয়োগ দেওয়ায় বিতরণ কার্যক্রমে নানা সমস্যা তৈরি হচ্ছে। এ কারণে ইউনিয়নের স্থায়ী বাসিন্দাকে ডিলার নিয়োগের দাবি জানান তাঁরা।
অভিযোগের বিষয়ে টিসিবির পণ্য বিতরণের দায়িত্বে থাকা ‘নিজাম ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিন বলেন, সফটওয়্যার জটিলতার কারণে পণ্য বিতরণে কিছুটা ব্যাঘাত ঘটেছে। জটিলতা শেষ হলে পুনরায় পণ্য বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, সরকারি নিয়ম মেনেই তিনি ডিলারশিপ পেয়েছেন। কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতির সঙ্গে তিনি জড়িত নন। যাচাই-বাছাই শেষে প্রকৃত কার্ডধারীদের মধ্যে বরাদ্দ করা সব পণ্য বিতরণ করা হবে। কারও পণ্য আত্মসাৎ বা সরিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না।
এ বিষয়ে জানতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭:০১:৩৬
