সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬

পিরোজপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, দুজনের ৩ বছর কারাদণ্ড

হোম » আইন-আদালত » পিরোজপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, দুজনের ৩ বছর কারাদণ্ড
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬


 

---

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরে সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপু হত্যা মামলায় শেখ রুম্মান হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অপর দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

 

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শেখ রুম্মান হোসেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী গ্রামের বাসিন্দা। তিন বছর করে কারাদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন সুমনা বেগম ও সাদিয়া ইসলাম। তাঁরাও একই গ্রামের বাসিন্দা।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে সুপারি বিক্রির পাওনা টাকা দেওয়ার কথা বলে নেছারাবাদের সেহাঙ্গল গ্রামের সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান। এরপর থেকে নিখোঁজ ছিলেন অপু। নিখোঁজের তিন দিন পর রুম্মানের নির্মাণাধীন বসতঘরের পাশে খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় নিহতের বোন সুমাইয়া আক্তার বাদী হয়ে ওই দিনই নেছারাবাদ থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।

 

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

বাংলাদেশ সময়: ১৯:০০:২২