সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬

কলাপাড়ায় ২৫০ কার্ডধারীকে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য দিচ্ছে শিকদার ফুড

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ২৫০ কার্ডধারীকে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য দিচ্ছে শিকদার ফুড
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬


কলাপাড়ায় ২৫০ কার্ডধারীকে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য দিচ্ছে শিকদার ফুডসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন নিত্যপণ্যের বাজার সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ, তখন সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে শিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি। পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ডের ২৫০ জন কার্ডধারীকে নিয়ে সোমবার এ কার্যক্রম শুরু হয়েছে।

 

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় কলাপাড়া হোটেল রুসাইবা সংলগ্ন মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দিনে পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নিবন্ধিত কার্ডধারীদের মধ্যে পণ্য বিতরণ করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক, কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের ১ নম্বর সদস্য ও শিথিল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসনাত রিমন শিকদার। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক আকবর হোসেন, সদস্য সচিব আরিফ সিকদার, সদস্য মো. রাসেল মোল্লা, শিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির স্বত্বাধিকারী মো. মাসুদ শিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজল বিশ্বাস ও উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. ফকরুল ইসলাম। এ সময় স্থানীয় সাংবাদিক এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

কোম্পানি সূত্রে জানা গেছে, ১০০ টাকা দিয়ে নিজ নামে কার্ড সংগ্রহ ও নিবন্ধন করলে একজন গ্রাহক টানা দুই বছর এ সুবিধা পাবেন। প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকার প্যাকেজে মিলবে ১৩ ধরনের নিত্যপণ্য। এর মধ্যে রয়েছে ২৫ কেজি চাল, ১ কেজি গরুর মাংস, ১ কেজি মসুর ডাল, ১ কেজি আটা, ১ লিটার সয়াবিন তেল, ২০০ মিলিলিটার সরিষার তেল, ১ কেজি মোটা লবণ, ১২৫ গ্রাম সাবান, ২০০ মিলিলিটার শ্যাম্পু, ৫০০ গ্রাম তরল পরিষ্কারক, ১০০ গ্রাম টুথপেস্ট, এক বাক্স মশার কয়েল ও একটি বাটি।

 

উদ্যোক্তাদের দাবি, একই পরিমাণ পণ্য খোলাবাজার থেকে কিনতে গেলে গ্রাহকদের অন্তত ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা বেশি খরচ হতো।

 

পণ্য নিতে আসা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিদ্দিকুর রহমান বলেন, বাজার থেকে এক বস্তা চাল কিনতেই ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা লাগে। আর সচরাচর গরুর মাংস কেনা হয়ে ওঠে না। আজ কম দামে এসব কিনতে পেরেছি। তবে প্রসাধনসামগ্রীর বদলে খাবারের পণ্য আরও বাড়ালে আমাদের মতো সাধারণ মানুষের বেশি সুবিধা হতো।

 

শিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির স্বত্বাধিকারী মো. মাসুদ শিকদার বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের বাজার খরচে কিছুটা স্বস্তি দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। গ্রাহকদের ভালো সাড়া পেলে এ কার্যক্রম দীর্ঘমেয়াদে অব্যাহত থাকবে।

 

প্রধান অতিথি মো. আবু হাসনাত রিমন শিকদার বলেন, গত কয়েক মাস ধরে কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পৌরসভার তিনটি ওয়ার্ডের ২৫০ জনকে এ সুবিধার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে এ সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৯:৪১