রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
বাউফলে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে খাবার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা
হোম » পটুয়াখালী » বাউফলে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে খাবার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন হাটবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মিষ্টি, ভাতসহ নানা ধরনের খাবার। খোলা জায়গায় খাবার সাজিয়ে রাখা হচ্ছে। সেগুলোর ওপর বসছে মাছি-মশা। খাবার সংরক্ষণ ও বিক্রিতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। প্রতিদিন এসব খাবার কিনে খাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন খাদ্যবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।
রবিবার উপজেলার কালাইয়া বন্দরের বাজার রোড এলাকায় সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে গড়ে উঠেছে মিষ্টির দোকান ও খাবারের হোটেলসহ বিভিন্ন খাদ্যপণ্যের দোকান। এসব দোকানে নানা ধরনের খাবার খোলা অবস্থায় সাজিয়ে রাখা হয়েছে। খাবার ঢেকে রাখার কোনো ব্যবস্থা না থাকায় সেগুলোর ওপর অনায়াসে বসছে মাছি-মশা। খাবার সংরক্ষণ ও বিক্রিতেও স্বাস্থ্যবিধি মানার কোনো দৃশ্য চোখে পড়েনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন এসব দোকান থেকে স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা খাবার কেনেন। কর্মব্যস্ততার কারণে অনেকেই এসব হোটেলে খাবার খান। তবে খাবারের মান ও পরিবেশ নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। সচেতন মহলের আশঙ্কা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি অব্যাহত থাকলে খাদ্যবাহিত নানা রোগে আক্রান্ত হতে পারেন ভোক্তারা।
স্থানীয়দের অভিযোগ, খোলা, পচা ও বাসি খাবার বিক্রি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি প্রয়োজন। কিন্তু উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরের কার্যকর নজরদারি না থাকায় অনেক ব্যবসায়ী স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খাবার বিক্রি করছেন। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
এ বিষয়ে বাউফল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এম এম শাহাবুদ্দিন বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হবে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, স্যানিটারি ইন্সপেক্টর বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯:১২:২৯
