রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
কলাপাড়ায় বৃষ্টিতে নষ্ট হাজারো তরমুজের চারা, বিপাকে চাষিরা
হোম » কৃষি » কলাপাড়ায় বৃষ্টিতে নষ্ট হাজারো তরমুজের চারা, বিপাকে চাষিরা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে পটুয়াখালীর কলাপাড়ায় আগাম তরমুজ চাষাবাদে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শনিবার দিনভর থেমে থেমে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টি হয়েছে। এতে জমিতে পানি জমে হাজার হাজার তরমুজের চারা নষ্ট হয়েছে। ক্ষতির মুখে পড়েছেন আগাম তরমুজ চাষিরা। কিছু সবজিখেতেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে আমন ধানের খেতে এখন পর্যন্ত কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
বৃষ্টিতে পায়রা বন্দরসহ গোটা উপকূলীয় এলাকার জনজীবন কিছুটা ব্যাহত হয়েছে। টানা তিন দিন সূর্যের দেখা মেলেনি। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় উপকূলে কিছুটা শীতও অনুভূত হচ্ছে।
চরচান্দুপাড়া গ্রামের কৃষক ফেরদৌস তালুকদার এবার ২৪ বিঘা জমি এক মৌসুমের জন্য এক লাখ ২০ হাজার টাকায় বর্গা নিয়ে আগাম তরমুজ চাষ করছেন। চারা তৈরি, জমি চাষ ও শ্রমিকের মজুরিসহ এ পর্যন্ত তাঁর প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। জমিতে চারা রোপণের কাজ চলার মধ্যেই বৃষ্টিতে বিপাকে পড়েছেন তিনি। জমিতে পানি জমে কাদায় লেপটে গেছে হাজার হাজার চারা। রোপণ করা খেতেরও প্রায় অর্ধেক চারা নষ্ট হয়ে গেছে।
ফেরদৌস তালুকদার জানান, ‘গত বছর তরমুজের বাজার ভালো না থাকায় বড় অঙ্কের লোকসান হয়েছে। এবার উৎপাদন খরচও বাড়ছে। সারের দাম বেশি, পাশাপাশি শ্রমিকের মজুরিও বেশি। তিন বেলা খাবার দেওয়ার পরও একজন দিনমজুরকে দৈনিক ৭০০ টাকা মজুরি দিতে হয়।’ এর মধ্যে মৌসুমের শুরুতেই বৃষ্টির ধকল সামলাতে হচ্ছে তাঁদের।
একই গ্রামের তরমুজচাষি কামাল হাওলাদার, বাচ্চু খলিফা, মো. কলিফ, তুহিন তালুকদার ও সিপন মোল্লাও একই পরিস্থিতিতে পড়েছেন। বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কায় হতাশ হয়ে পড়েছেন তাঁরা। পলিথিন দিয়ে ঢেকে চারা রক্ষার চেষ্টা করছেন কৃষকেরা। তাঁদের আশঙ্কা, বৃষ্টি থামার পর রোদ উঠলে জমিতে পানি জমে থাকা চারাগুলো মারা যেতে পারে।
চরচাপলী গ্রামের কৃষক মহিন জানান, জমিতে পানি জমে তরমুজের চারা নষ্ট হয়েছে। রোদ উঠলে জমিতে পানি জমে থাকা চারাগুলো মারা যেতে পারে।
কলাপাড়া উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরাফাত হোসেন বলেন, বৃষ্টিতে আমন ধানের খেতের কোনো ক্ষতি হয়নি। তবে আগাম তরমুজ চাষিরা কিছুটা ক্ষতির মুখে পড়েছেন। চলতি মৌসুমে কলাপাড়ায় ৫০০ হেক্টর জমিতে তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আছাদুজ্জামান খান জানান, আগামী এক থেকে দুই দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে।
বাংলাদেশ সময়: ১৫:৫১:০৭
