রবিবার ● ২২ নভেম্বর ২০২৬

গলাচিপায় টানা বৃষ্টিতে অর্ধেক তরমুজের চারা নষ্ট, ১৫ দিন পিছিয়ে ফলন

হোম » কৃষি » গলাচিপায় টানা বৃষ্টিতে অর্ধেক তরমুজের চারা নষ্ট, ১৫ দিন পিছিয়ে ফলন
রবিবার ● ২২ নভেম্বর ২০২৬


 

গলাচিপায় টানা বৃষ্টিতে অর্ধেক তরমুজের চারা নষ্ট, ১৫ দিন পিছিয়ে ফলন

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে পটুয়াখালীর গলাচিপায় তরমুজ চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। আগাম জাতের তরমুজের প্রায় অর্ধেক চারা নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন চাষিরা। বৃষ্টির কারণে তরমুজের ফলনও অন্তত ১৫ দিন পিছিয়ে গেছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর গলাচিপায় ১ হাজার ২০০ হেক্টর জমিতে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগাম জাতের তরমুজ চাষের জন্য কৃষকেরা অন্তত ১০ হেক্টর জমিতে চারা রোপণ করেছেন। কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে এসব জমির প্রায় অর্ধেক চারা পচে গেছে। এতে চাষের শুরুতেই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।

 

গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের তরমুজ চাষি মো. আলমগীর হাওলাদার জানান, এ বছর পাঁচ একর জমিতে আগাম জাতের তরমুজ চাষের জন্য ক্ষেত প্রস্তুত করেছিলেন। চারাও তৈরি করেছিলেন। কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে টানা তিন দিন বৃষ্টি হওয়ায় তাঁর ৯ হাজার চারার মধ্যে ৪ হাজার পচে গেছে। এতে প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

 

গলাচিপা পৌর এলাকার মাঝের চরের চাষি মো. জাকির সরদার জানান, বৃষ্টি শুরু হওয়ার পর থেকে চারা রক্ষায় এক মুহূর্তও বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি। সারাদিন পলিথিন দিয়ে চারা ঢেকে রাখার চেষ্টা করেছেন। কিন্তু বৃষ্টির পানি থেকে সব চারা রক্ষা করা সম্ভব হয়নি। চোখের সামনে হাজার হাজার টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে এবার সমন্বিত পদ্ধতিতে চাষ করবেন তিনি।

 

জাকির সরদার আরও জানান, আগে তরমুজ চাষের জমিতে অন্য কোনো ফসল করা হতো না। এবার তরমুজের পাশাপাশি জমির আইলের পাশে হাইব্রিড মুগডাল, লাউ, শসাসহ বিভিন্ন সবজি চাষ করবেন।

 

এ বিষয়ে গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে তিন দিনের বৃষ্টিতে আগাম তরমুজ চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তবে গলাচিপায় এখনো ব্যাপকভাবে তরমুজ চাষ শুরু হয়নি। যারা আগাম জাতের তরমুজ চাষ করেছেন, মূলত তাঁরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন।

 

তিনি আরও জানান, গত জুন ও জুলাই মাসে অতিবৃষ্টির কারণে অনেক জমিতে ধান চাষ করা সম্ভব হয়নি। ওই জমিগুলোতেই আগাম জাতের তরমুজ চাষ করা হয়েছে। আগামী চার মাস আবহাওয়া অনুকূলে থাকলে তরমুজ চাষিরা লাভবান হতে পারবেন বলে আশা করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:০৭