শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
স্বামীর জীবন বাঁচাতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন প্রধান শিক্ষক স্ত্রী
হোম » আলোচিত খবর » স্বামীর জীবন বাঁচাতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন প্রধান শিক্ষক স্ত্রী
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান শিক্ষক মন্দিরা পাল। স্ত্রীর এমন ভালোবাসা ও আত্মত্যাগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসছেন তিনি। আগামী ২৪ নভেম্বর ভারতের দিল্লিতে তাঁর স্বামী সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করা হয়েছে।
মন্দিরা পাল গলাচিপা পৌর এলাকার সদর রোডের মনীন্দ্র চন্দ্র পালের মেয়ে। তাঁর স্বামী সুদাম পালের বাড়ি বরিশালের গৌরনদীর টরকি বন্দরে। সুদাম টরকি বন্দরের নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মন্দিরা গৌরনদী কটকস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে হৃদম পাল স্নাতকে এবং মেয়ে রাই পাল অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের প্রথম দিকে সুদাম পালের কিডনির জটিলতা ধরা পড়ে। এরপর দেশে-বিদেশের বিভিন্ন হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন তিনি। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু কিডনি দান করার মতো উপযুক্ত কোনো ডোনার পাওয়া যাচ্ছিল না। পরে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন মন্দিরা।
এ জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, আদালত, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। এরপর কিডনি প্রতিস্থাপনের প্রস্তুতি নিতে গত সেপ্টেম্বর ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা শুরু করেন তাঁরা। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী ২৪ নভেম্বর কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করা হয়েছে। বর্তমানে তাঁরা ওই হাসপাতালেই অবস্থান করছেন।
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর এমন সিদ্ধান্তের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের প্রশংসা করছেন। নেটিজেনরা এ দম্পতির অস্ত্রোপচার সফল হওয়া এবং দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনা জানাচ্ছেন। তাঁরাও চিকিৎসা সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মন্দিরা পাল বলেন, ‘আমার একটি কিডনি দান করেও যদি আমার স্বামী বেঁচে থাকে, এটাই আমার কাছে বড় পাওয়া। আমরা একসঙ্গে বাঁচতে চাই। এটা কোনো প্রতিদান নয়, এটা আমার ভালোবাসা। আমার স্বামীর বিপদ হয়েছে বলে কোনোভাবেই আমি তাকে ছেড়ে যেতে পারি না।’
বাংলাদেশ সময়: ১৮:৩২:৩২
