শনিবার ● ২১ নভেম্বর ২০২৬

টানা বৃষ্টি ও শীতে বিপর্যস্ত কলাপাড়ার জনজীবন, আমন ও সবজি নিয়ে শঙ্কা

হোম » আবহাওয়া » টানা বৃষ্টি ও শীতে বিপর্যস্ত কলাপাড়ার জনজীবন, আমন ও সবজি নিয়ে শঙ্কা
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬


 

টানা বৃষ্টি ও শীতে বিপর্যস্ত কলাপাড়ার জনজীবন, আমন ও সবজি নিয়ে শঙ্কা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ভারতের দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলীয় এলাকায় টানা চার দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। টানা বৃষ্টি ও শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

 

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কলাপাড়ায় ৩৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অব্যাহত বৃষ্টিতে জমিতে আধা পাকা আমন ধান চিটা হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। অন্যদিকে, বৃষ্টির পানিতে শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন সবজি চাষীরাও।

 

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, পটুয়াখালী, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 

মহিপুর হাওলাদার ফিশের স্বত্বাধিকারী আবদুল জলিল হাওলাদার বলেন, ‘একদিকে নিষেধাজ্ঞা, অন্যদিকে আবহাওয়া খারাপ। জানি না, এই মৎস্য ব্যবসার সঙ্গে জড়িতদের কপালে আল্লাহ কী রেখেছেন।’

বাংলাদেশ সময়: ১৫:২৩:০১