শনিবার ● ২১ নভেম্বর ২০২৬

কোটালীপাড়ায় জামায়াতের আমির পদ থেকে আবুল কালামের পদত্যাগ

হোম » রাজনীতি » কোটালীপাড়ায় জামায়াতের আমির পদ থেকে আবুল কালামের পদত্যাগ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬


 

কোটালীপাড়ায় জামায়াতের আমির পদ থেকে আবুল কালামের পদত্যাগ

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

 

দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে স্বেচ্ছায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ। তাঁর পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন শুরু হয়েছে।

 

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

 

সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে আবুল কালাম শেখ জানান, ৫ আগস্টের পর থেকে তিনি কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তবে ব্যক্তিগত অপারগতার কারণে তিন মাস আগেই দলের দায়িত্বশীল নেতাদের কাছে পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছিলেন। বিষয়টি এলাকার সাধারণ মানুষের কাছে স্পষ্ট করতেই গণমাধ্যমের সামনে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

 

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমার ওপর কোনো ধরনের চাপ বা ভয়ভীতি নেই। কারও প্ররোচনা ছাড়াই সম্পূর্ণ নিজ সিদ্ধান্তে আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কান্দি ইউনিয়ন সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালাম।’

 

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ বলেন, ‘কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল কালাম শেখ পদত্যাগ করেছেন। এটি তাঁর ব্যক্তিগত বিষয়। তবে উপজেলা জামায়াতের সভায় এ বিষয়ে আলোচনা করা হবে।’

 

এর বেশি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

বাংলাদেশ সময়: ১১:১২:০২