বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬

আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১২

হোম » বরগুনা » আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১২
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬


আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১২সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করতে ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাঁদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক মো. ইফতি হাসান ইমরান কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচি সফল করতে বুধবার রাতে আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসফাক আহমেদ ত্বোহা ও রাহাত মৃধার নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী শাখারিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।

 

এ ঘটনায় অভিযান চালিয়ে নাঈম হাওলাদার (১৬), জোবায়ের মৃধা (১৭), রাশেদুল হাওলাদার (১৬), নাঈম খান (১৫), শুভঙ্কর দাস (২১), জাবের ইসলাম (২১), সিফাত আকন (১৫), রাব্বি আকন (১৭), সাইমুন হাওলাদার (১৬), ইমরান (১৬), নাঈম (১৬) ও আমতলী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেনকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ১২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 

আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএসআই মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার ১২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।

বাংলাদেশ সময়: ১৮:০৫:৫৩