বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
গৌরনদীতে জর্দা শামীমের আস্তানা থেকে ৮ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩
হোম » বরিশাল » গৌরনদীতে জর্দা শামীমের আস্তানা থেকে ৮ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে বিশেষ অভিযান চালিয়ে জর্দা শামীমের সহযোগীদের আস্তানা থেকে আটটি আগ্নেয়াস্ত্র, ৩৩টি ম্যাগাজিন ও ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহে আলম (৫০), বি.এম. আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) ও মো. রবিউল বেপারী (৩৫)।
বুধবার (১৮ নভেম্বর) এসআরবি-৮-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠুর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জর্দা শামীম গ্রেপ্তার হওয়ার পর তাঁর হেফাজতে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে গৌরনদীতে তাঁর মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ নেওয়া হয়। পরে তাঁর ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র গোপনে সংরক্ষণ ও কেনাবেচার ব্যবস্থা করা হচ্ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তাঁর বসতবাড়িতে অস্ত্র রাখতে বাধ্য করা হয়েছিল।
অভিযানে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগান উদ্ধার করা হয়। এ ছাড়া ২ হাজার ২৮২ রাউন্ড পিস্তল ও রিভলবারের কার্তুজ, ৩১২ রাউন্ড শটগানের কার্তুজ এবং ১৬৭ রাউন্ড এয়ারগানের কার্তুজ জব্দ করা হয়। সব মিলিয়ে ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে ৩৩টি ম্যাগাজিন, একটি ম্যাগাজিন আনলোডার, তিনটি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের সাতটি ক্ষুদ্র ভাঙা অংশ, তিনটি মুঠোফোন ও আলামত সংরক্ষণের ১০টি ব্যাগ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঝালকাঠির ব্যবসায়ী ও কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি মোহাম্মদ শামীম আহমেদ ওরফে জর্দা শামীমের বিরুদ্ধে অবৈধ অস্ত্রের মাধ্যমে প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। ঢাকা ও ঝালকাঠির বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে বিস্ফোরক ও ভাঙচুর আইনে একাধিক মামলা রয়েছে।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর চলতি বছরের ৬ মে দিবাগত রাতে রংপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার তিনজনকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৮:১৩:০৬
