বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
বরগুনায় হাসপাতালে হামলা-ভাঙচুরের প্রতিবাদে চিকিৎসক-নার্সদের মানববন্ধন
হোম » লিড নিউজ » বরগুনায় হাসপাতালে হামলা-ভাঙচুরের প্রতিবাদে চিকিৎসক-নার্সদের মানববন্ধন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা সদর হাসপাতালের এক্স-রে কক্ষে হামলা, ভাঙচুর ও মেডিকেল টেকনোলজিস্টকে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। হামলায় এক্স-রে মেশিন ও সংশ্লিষ্ট কম্পিউটার ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে বিভাগের কার্যক্রম। এতে দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে একদল লোক হাসপাতালের এক্স-রে কক্ষে হামলা চালায়। এ সময় সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ও রেডিওগ্রাফার আবুল হোসেনকে মারধর করে আহত করা হয়। হামলাকারীরা এক্স-রে মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ ও এর সঙ্গে সংযুক্ত কম্পিউটার ভাঙচুর করে। এতে মেশিনটি বিকল হয়ে যায়।
আবুল হোসেন অভিযোগ করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিটন ও তাঁর অনুসারীরা তাঁর ওপর হামলা চালিয়েছেন। তাঁদের হামলায় এক্স-রে মেশিনটি সম্পূর্ণ বিকল হয়ে গেছে।
হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাসকিয়া সিদ্দিকা বলেন, একজন সেবাদানকারীর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়। ঘটনার দিন আবুল হোসেন একাই ৪৯টি এক্স-রে করার সময় হামলার শিকার হন। তাঁকে প্রতিদিন ৭০ থেকে ৮০টি এক্স-রে করতে হয়।
তিনি আরও বলেন, প্রায় ১২ লাখ মানুষের চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই হাসপাতাল। এটি রক্ষা করা সবার দায়িত্ব। হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক জানান, এক্স-রে মেশিনের পাশাপাশি এর সঙ্গে সংযুক্ত কম্পিউটারও ভাঙচুর করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে কারিগরি বিশেষজ্ঞ এসে পরীক্ষা করার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। কবে নাগাদ এক্স-রে কার্যক্রম চালু করা সম্ভব হবে, তা এখনই বলা যাচ্ছে না।
এক্স-রে বিভাগ বন্ধ থাকায় প্রতিদিন হাসপাতালে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা অনেক রোগী এক্স-রে করাতে না পেরে ফিরে যাচ্ছেন।
মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বরগুনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। কর্মসূচিতে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৭:০৯:১৮
