বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬

সুন্দরবনে বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

হোম » খুলনা » সুন্দরবনে বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


 

সুন্দরবনে বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

সুন্দরবনের বনদস্যু বাহিনীগুলোর কাছে খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় চাল, সয়াবিন তেল, সিগারেট, পানির জার, ওষুধ ও মুঠোফোনসহ ১৯ ধরনের মালামাল জব্দ করা হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ছোট আংটিহারা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে আটক দুজনকে কয়রা থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা।

 

আটক ব্যক্তিরা হলেন ছোট আংটিহারা গ্রামের মো. রুহুল কুদ্দুস শেখের ছেলে মো. ফরিদুজ্জামান (৩১) এবং ঘড়িলাল মোল্লাপাড়া গ্রামের মো. দাউদ আলী গাজীর ছেলে মো. রিপন হোসেন (২৪)।

 

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কয়রা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম।

 

ওসি জানান, সুন্দরবনের বনদস্যু বাহিনীগুলোর সঙ্গে লোকালয়ের কিছু ব্যক্তির যোগাযোগ ও সহযোগিতার তথ্য পাওয়া গেছে। তাঁরা বনদস্যুদের কাছে খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে ফরিদুজ্জামান ও রিপন হোসেনকে আটক করে।

 

অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে দুই বস্তায় ৫০ কেজি চাল, ৪৮টি বনদস্যুদের স্লিপ, ২৪টি ম্যাচ, ৩৬ লিটার সয়াবিন তেল, আড়াই লিটার কেরোসিন, এক লিটার সরিষার তেল, চার প্যাকেট মশার কয়েল, ৮০ প্যাকেট সিগারেট ও আটটি পানির জার। এ ছাড়া একটি পুরোনো রিয়েলমি স্মার্টফোন, একটি আইটেল বাটন ফোন, বিস্কুট, ওষুধ, লিপজেল, মসলা, কেটলি, গেঞ্জি ও গামছাসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।

 

ওসি মো. রাশেদুল আলম বলেন, আটক দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

 

সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা নিয়ন্ত্রণে অভিযান পরিচালনার পাশাপাশি তাদের কাছে রসদ সরবরাহের উৎস বন্ধ করাও জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লোকালয় থেকে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ অব্যাহত থাকলে বনের ভেতরে বনদস্যুদের অবস্থান ও তৎপরতা চালিয়ে যাওয়া সহজ হতে পারে বলে তাদের অনুমান।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:৪৩